০৪ মে, ২০২০ ০১:২৬
অধ্যাপক মুনতাসীর মামুন
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন করোনা উপসর্গ নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৩ মে) সন্ধ্যায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান ও হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই তাকে আইসিইউতে নেওয়া হয়নি। তার কোভিড-১৯ টেস্টের ফলাফলও এখনো পাওয়া যায়নি। তবে তার মা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
মুগদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যক্ষ ডা. শাহ্ গোলাম নবী তুহিন বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনকে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার কোভিড-১৯ সংক্রমণ আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায়, উপসর্গ থাকায় ১০ দিন আগে তার কোভিড-১৯ টেস্ট করা হয়েছিল। ওই পরীক্ষার ফলে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া যায়নি। তবে উপসর্গ থাকায় ফের তার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য