শাবিপ্রবি প্রতিনিধি

১৯ জানুয়ারি, ২০২৬ ১২:৫০

শাকসু নির্বাচন: কোন পদে কারা প্রার্থী?

ভিপি ও এজিএস পদে লড়ছেন ৪ জন করে, জিএসে ৭ প্রার্থী

দীর্ঘ প্রায় ২৮ বছর পর মঙ্গলবার (২০ জানুয়ারি) হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। নানা প্রতিবন্ধকতা, বারবার তারিখ পিছিয়ে যাওয়া আর নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পর হতে যাচ্ছে এ নির্বাচন।

শাকসু নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চুড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ৯৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহসভাপতি (ভিপি) পদে ৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৭ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে মোট ২৩টি পদ রয়েছে। অপর দিকে হল সংসদে পদ রয়েছে ৯টি।

শাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিনটি প্যানেল গঠিত হয়েছে। এর মধ্যে শিবির সমর্থিত ২৩ সদস্যের ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’, ছাত্রদল সমর্থিত ২২ সদস্যের ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ ও সাধারণ শিক্ষার্থী পরিচয় দেওয়া ১৭ জনের সমন্বয়ে ‘সাধারণের ঐক্যস্বর’ নামে প্যানেল গঠিত হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন অনেকে।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’প্যানেলের মোস্তাকিম বিল্লাহ। ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের দেলোয়ার হাসান শিশির, পেট্রোলিয়াম ও খনিজ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের মুহয়ী শারদ ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুমিনুর রশীদ শুভ।

জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল সমর্থিত প্যানেলের মারুফ বিল্লাহ, পুর কৌশল বিভাগের শিক্ষার্থী ও শিবির সমর্থিত প্যানেলের মুজাহিদুল ইসলাম, সমাজবিজ্ঞানের ফয়সাল হোসেন, সমাজকর্মের জুনায়েদ আহমেদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মোহাম্মদ সাইফুর রহমান, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের পলাশ বখতিয়ার ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের জুনায়েদ হাসান।

এজিএস পদে আছেন জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল সমর্থিত প্যানেলের জহিরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিবির সমর্থিত প্যানেলের শাকিল মাহমুদ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতাহারুল ইসলাম রাহিন এবং একই বিভাগের হাফিজুর ইসলাম।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে ২, সহ-ক্রীড়া সম্পাদক পদে ৪, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে ২, সাংস্কৃতিক সম্পাদক পদে ৩, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ২, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে ৩, সমাজসেবা সম্পাদক পদে ৩, ছাত্রীবিষয়ক সম্পাদক পদে (শুধুমাত্র ছাত্রীদের জন্য) ৪, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ৪, শিক্ষা-গবেষণা-ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ৫, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ৫, আন্তর্জাতিক সম্পাদক পদে ৪, পরিবহন সম্পাদক পদে ৪, কাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক ৪, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ৫ ও সদস্যপদে ২৮ জন প্রার্থী রয়েছেন।

হল সংসদে ভিপি, জিএস, এজিএস, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও সদস্যের তিন পদসহ মোট ৯টি পদের বিপরীতে ছেলেদের ৩টি হলে মোট প্রার্থী ৫৩ জন।

শাহপরানে হলে ১৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি ৪, জিএস ২, এজিএস ৩, ক্রীড়া সম্পাদক ১, সাহিত্য সম্পাদক ১, সমাজসেবা সম্পাদক ২ ও সদস্য ৬ জন । বিজয়-২৪ হলে ১৮ জন প্রার্থী। এতে ভিপি ২, জিএস ২, এজিএস ২, ক্রীড়া সম্পাদক ২, সাহিত্য ও সাংস্কৃতিক ২, সমাজসেবা ৩, সদস্য ৫ জন। সৈয়দ মুজতবা আলী হলে ভিপি ২, জিএস ৩, এজিএস ৩, ক্রীড়া সম্পাদক ২, সাহিত্য ও সাংস্কৃতিক ২, সমাজসেবা সম্পাদক ১, সদস্য ৫ জনসহ মোট ১৮ জন প্রার্থী রয়েছেন। তিনটি ছাত্র হল সংসদে ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন।

ছাত্রীদের তিনটি হলের মধ্যে আয়েশা সিদ্দিকা হলে ৯টি পদে মোট ১০ জন প্রার্থী। সমাজসেবা পদে প্রার্থী ২ জন। ভিপিসহ বাকি পদগুলোতে একজন করে প্রার্থী। বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ৯টি পদে প্রার্থী ১১ জন। এরমধ্যে ভিপি পদে ৩ জন প্রার্থী ছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী নেই। ফাতেমা-তুজ-জাহরা হলের প্রার্থী ১০ জন। এরমধ্যে ক্রীড়া সম্পাদককে কোনো প্রার্থী নেই এবং সদস্য পদে ২ জন প্রার্থী। ভিপি পদে ৩ জন ও জিএস পদে ২ জন প্রার্থী রয়েছেন। বাকি পদগুলোতে একজন করে প্রার্থী রয়েছে। তিনটি ছাত্রী হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন ২১ প্রার্থী।

আপনার মন্তব্য

আলোচিত