২৩ জুলাই, ২০২৩ ১৩:২৯
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই স্বাভাবিক। তার দাবি বিএনপির কর্মসূচিতে পুলিশ কোনো ধরনের বাধা দিচ্ছে না।
রোববার (২৩ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিএনপির তারুণ্যের সমাবেশের পরের দিন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত তাদের (বিএনপি) যত নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে, সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ তাদের কোথাও কোনো ধরনের বাধা দিচ্ছে না। প্রধানমন্ত্রী সবসময় বলেন, তিনি এ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। যখন রাজনৈতিক চর্চা ঠিক থাকবে, তখন এগিয়ে যাওয়ার পথ সুগম হবে। পুলিশ তাদের (বিএনপি) কোনো কাজে কখনও বাধা দিচ্ছে না।’
লক্ষ্মীপুরে বিএনপির কর্মী নিহত হওয়ার দাবির বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গোয়েন্দা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, দুই গ্রুপ বা ব্যক্তির মধ্যে কর্তৃত্ব ও অংশীদারত্ব নিয়ে অসন্তোষ ছিল অনেকদিন থেকে। এ দুই গ্রুপের সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যে, একজন নিহত হয়েছেন।
‘বিএনপি বলছে, এটা নাকি তাদের কর্মী। তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, নিহত ব্যক্তি বিএনপির কর্মী নন।’
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে পুলিশের প্রধান ডিআইজি মোহাম্মদ শাহাবুদ্দিন খান ও ক্র্যাব সেক্রেটারি মামুনুর রশিদসহ ক্র্যাব নেতৃবৃন্দ।
এর আগে ক্র্যাবের চার দশক পূর্তি উপলক্ষে এক র্যালি বের করা হয়। তার আগে কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আপনার মন্তব্য