সিলেটটুডে ডেস্ক

১২ অক্টোবর, ২০১৭ ১৭:০৩

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে ব্যাংক এশিয়ার ১ কোটি টাকার চেক অনুদান

সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. এম এ রকিবের কাছে ব্যাংক এশিয়ার পক্ষ থেকে ১ কোটি টাকার অনুদানের চেক প্রদান করেন ব্যাংক এর চেয়ারম্যান এ রউফ চৌধুরী।

মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকাস্থ ব্যাংক এশিয়ার প্রধান কার্যালয়ে এ চেক প্রদান করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক বলেন, আমাদের অত্যন্ত আশার ব্যাপার দেশের কল্যাণে, জনগণের কল্যাণে সরকারি প্রচেষ্টার পাশাপাশি প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা প্রদান হৃদরোগীদের সেবায় ভূমিকা রাখছে। তা আরও অধিকতর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এই হাসপাতাল স্বল্প খরচে হৃদরোগীদের সেবা করাই তার মুখ্য উদ্দেশ্য।

জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক বলেন, হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সুতরাং রোগ প্রতিষেধকের চেয়ে রোগ প্রতিরোধের ওপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে।

ব্যাংক এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের ফান্ডরাইজিং কমিটি এবং রেড ক্রিসেন্ট এর চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার।

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী বলেন, আমাদের প্রত্যেকে যার যার অবস্থান থেকে সহযোগিতা প্রদান করে সমাজের কল্যাণে এগিয়ে আসা উচিত। তিনি আগামীতে তার ব্যক্তিগত পক্ষ থেকে আরও সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান  সাফওয়ান চৌধুরী তার বক্তব্যে বলেন, সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর মত একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানকে সহযোগিতা করা সকলের মানবিক দায়িত্ব। তিনি ব্যাংক এশিয়ার চেয়ারম্যান মহোদয়সহ সকল পরিচালক বৃন্দকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরো সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

প্রফেসর ডা. এম এ রকিব অর্থ প্রদানের জন্য ব্যাংক এশিয়ার মাননীয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ সকল পরিচালকবৃন্দকে ধন্যবাদ প্রদান করেন।

চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহ-সভাপতি এম মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর, প্রচার সম্পাদক আবু তালেব মুরাদ, কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী (বাহার), হাসপাতালের পরিচালক ও সিইও কর্ণেল (অব.)  শাহ আবিদুর রহমান এবং মানবাধিকার কর্মী শাহ তাজুল ইসলাম রুমেল প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেড এর অন্যতম পরিচালক রানা রায়লা হাফিজ ১ লক্ষ টাকা এবং ব্যাংক এশিয়ার পরিচালক এম শাহজাহান ভূইয়া ১ লক্ষ টাকা সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালকে প্রদান করার অঙ্গীকার করে।

আপনার মন্তব্য

আলোচিত