ক্রীড়া প্রতিবেদক

২৪ এপ্রিল, ২০১৮ ১৩:২৬

রাতে ফের মুখোমুখি সাকিব-মোস্তাফিজ

আইপিএলের এবারের আসরে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে সাকিবের হায়দরাবাদ ও মোস্তাফিজের মুম্বাই। যদিও এর আগে এ দুই দলের সর্বমোট  ১১বার দেখা হলেও ৬টিতে জিতেছে সানরাইজার্স। আর এর বিপরীতে ৫টিতে জয় পেয়েছ মুম্বাই। সর্বশেষ ৫ বারের মুখোমুখি লড়াইয়ে ৪টিতেই জিতেছে সানরাইজার্স। তাও আবার চারটিই জিতেছে দ্বিতীয়বার ব্যাটিং করে।

এবারের আসরের প্রথম দেখাতেই টানটান উত্তেজনার ম্যাচে মুম্বাইকে হারিয়েছিল হায়দরাবাদ। আজ ফের মুখোমুখি হচ্ছে দল দুটি। কাগজকলমে হায়দরাবাদ ও মুম্বাইয়ের খেলা। তবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে এটি শুধুই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের ম্যাচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এবারের আসরে ভালো পজিশনে নেই মুম্বাই। ৫ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কেবল বেঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়েছে রোহিত অ্যান্ড কোং। তবে বাকি ৪ ম্যাচে জয়ের কাছেই ছিল দলটি। শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবেছে মোস্তাফিজদের।

দুজনের প্রথম মুখোমুখিতে সাকিবকে হারিয়ে দেন মোস্তাফিজ। শ্বাসরূদ্ধকর ওই ম্যাচে ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন কাটার মাস্টার। তার ১৯তম ওভারে ১ রানে ২ উইকেট শিকারে জয়ের স্বপ্ন দেখেছিল মুম্বাই। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

সেই ম্যাচে নিষ্প্রভ, অনুজ্জ্বল ছিলেন সাকিব। হাত ঘুরিয়ে ১ উইকেট নিলেও রান দেন ৩৪। ব্যাট হাতে করেন মাত্র ১২ রান। অবশ্য ঘরের মাঠে জিতেছিল হায়দরাবাদ। এবার খেলা মুম্বাইয়ে। নিজেদের দুর্গে সাকিবদের হারাতে পারলে প্রতিশোধের পাশাপাশি ঘুরে দাঁড়াতে পারবেন মোস্তাফিজরা।

আপনার মন্তব্য

আলোচিত