০৫ নভেম্বর, ২০১৫ ১৯:০৯
সিলেটে প্রথমবারের মতো প্রশিক্ষণ নিয়েছেন পুলিশ বাহিনীতে নতুন যোগদানকারী ৩১৩ জন সদস্য। ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শেষে তারা প্রবেশ করলেন কর্মজীবনে। পুলিশের নবাগত এই সদস্যরা নোয়াখালি ট্রেনিং সেন্টারের সংযুক্ত সিলেটের লালাবাজার রিজার্ভ রেঞ্জ ফোর্সে (আরআরএফ) প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে বৃহস্পতিবার লালাবাজার আরআরএফ-এ সমাপনী কুচকাওয়াজের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম।
নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন- বাংলাদেশ পুলিশ দুষ্টের দমন ও শিষ্টের পালন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে দেশ ও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখছে। গণতন্ত্রের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে জনগণের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা, অপরাধ দমনে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলে সুষ্ঠু ও সুন্দর সমাজ এবং রাষ্ট্র গঠনে অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানের কথা তুলে ধরে ডিআইজি মিজানুর রহমান বলেন- মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশ সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তুলেন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা হৃদয়ে ধারণ করে দেশ ও মানুষের সেবায় প্রতিটি পুলিশ সদস্যকে কাজ করে যেতে হবে।
ডিআইজি আরও বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের পেশাগত ও জীবন-মান উন্নয়নে আন্তরিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সুবিবেচনার কারণে পুলিশের বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে।
বিগত ২০১৩-২০১৫ সাল পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় যেসব পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা করেন ডিআইজি মিজানুর রহমান।
এদিকে, সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করেন। পরে তারা শপথবাক্য পাঠ করেন। শপথ পাঠ করান ডিআইজি মিজানুর রহমান।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সিলেট রেঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য