১০ অক্টোবর, ২০২১ ১৮:৩৬
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ঘের ঘটনায় হতাহতদের পরিচয় মিলেছে। এই ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়, আহত হন আরও তিন যাত্রী।
রোববার (১০ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিফুল ইসলাম (৭) উপজেলা নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র। সিএনজি অটোরিকশার যাত্রী আরিফুলের মৃত্যু ঘটনাস্থলেই হয় বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত নাজিমুল হককে (২২) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নাজিমুল উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।
এই ঘটনায় আহত সুফিয়া বেগম, মিনারা বেগম ও কমলা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন বলেন, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী সিএনজি সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আপনার মন্তব্য