বিয়ানীবাজার প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২৩ ১০:০১

বিয়ানীবাজারে বসুন্ধরা জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

সিলেটের বিয়ানীবাজার উপজেলার বসুন্ধরা জনকল্যাণ সংস্থার উদ্যোগে এসএসসি/দাখিল-২০২৩ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংস্থার সাধারণ সম্পাদক সাইফুর রহমান শাওনের সঞ্চালনায় সোমবার (১৬ অক্টোবর) বসুন্ধরা জনকল্যাণ সংস্থার(মাঝরপট্টি)হল রুমে পূর্ব মুড়িয়া এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীর উদ্দেশে অতিথিরা বলেন, ‘তোমরা আগামীর বিশ্ব। কথায় নয়, সততার সঙ্গে কাজ করে বাংলাদেশকে জয়ী করতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। মানবিক ও কৃতজ্ঞ মানুষ হতে হবে।’

মো. এবাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন, পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, পূর্ব মুড়িয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ফয়েজ আহমদ,সারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, আহমেদ শাদী টিপু প্রমুখ।

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমাদের মানবিক মানুষ হতে হবে। তোমাদের আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে মুড়িয়া ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুন বলেন, শুধু সার্টিফিকেটধারী গ্র্যাজুয়েট হলে চলবে না, বাস্তবমুখী প্রযুক্তি নির্ভর শিক্ষা অর্জন করতে হবে। নিজেকে একজন স্মার্ট মানুষ হিসেবে তৈরি করতে অধ্যবসায়,পরিশ্রম ও স্বশিক্ষায় মেধার সাক্ষর রাখতে হবে। মানসম্মত শিক্ষা ছাড়া শিক্ষা বাস্তব জীবনে সাফল্য বয়ে আনতে পারবে না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থার সহ-সভাপতি আরিফ হোসেন, জামিলুর রহমান, নাহিদ চৌধুরী শাহীদ, ফজল আহমদসহ আরও অনেকে।

আপনার মন্তব্য

আলোচিত