১৯ অক্টোবর, ২০২৩ ০৪:২১
মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপ ঘুরে ঘুরে শুভেচ্ছা উপহার (৫০ কেজি ডাল) পৌঁছে দিচ্ছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার মঙ্গলচণ্ডী মন্দির ও বুধবার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের ১নং মন্দির থেকে এই শুভেচ্ছা উপহার বিতরণ শুরু করেন তিনি।
প্রথম দিনেই শ্রীমঙ্গল উপজেলার সার্বজনীন ১৫৮টি মণ্ডপের মধ্যে প্রায় ৪০ টি মণ্ডপে ও দ্বিতীয় দিন কমলগঞ্জ উপজেলার ২৪ টি মণ্ডপে এই উপহার তুলে দিয়েছেন তিনি।
মঙ্গলচণ্ডী মন্দিরে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় প্রেমসাগর হাজরার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মঙ্গলচণ্ডী মন্দিরের পুরোহিত দীপংকর ভট্টাচার্য, নবরূপে নবদুর্গা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ঝিনুক বৈদ্য, কোষাধ্যক্ষ স্বাধীন চাষা প্রমুখ।
অন্যদিকে কমলগঞ্জে বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, চা শ্রমিক নেতা সজল কৈরী, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সীতারাম বীন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও সালাহউদ্দিন শুভ প্রমুখ।
প্রেমসাগর হাজরা বলেন, শ্রীমঙ্গলবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এখানে বার বার আমি নির্বাচনে জয় লাভ করেছি। ভোট যেমন পেয়েছি। মানুষের ভালোবাসাও পেয়েছি। শারদীয় দুর্গা পূজায় উপজেলার প্রতিটি সার্বজনীন পূজায় আমি দুই বস্তা করে ডাল উপহার পাঠিয়েছি। পূজায় প্রসাদ তৈরিতে এই ডাল কাজে লাগবে। আমি নিজেই প্রতিটি মণ্ডপে যাচ্ছি।
আপনার মন্তব্য