বিশ্বনাথ প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২৩ ০২:৩৩

বিশ্বনাথে কাউন্সিলর জহুর আলীকে কারণ দর্শানোর নোটিস মেয়রের

সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জহুর আলীকে শোকজ করা হয়েছে। বাসা-বাড়ির হোল্ডিং ট্যাক্স আদায় করে পৌরসভার কোষাগারে কিছু টাকা জমা দিয়ে বেশিরভাগ টাকা আত্মসাৎ করেছেন মর্মে অভিযোগ এনে তাকে শোকজ করা হয়।

রোববার (২২ অক্টোবর) বিশ্বনাথ পৌরসভার ২০২৩/১৩৪১ নং স্মারকের মাধ্যমে পৌরসভার মেয়র মুহিবুর রহমান তাকে শোকজ করেন। এতে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় ওই কাউন্সিলরের বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

স্মারক ও নোটিশে উল্লেখ করা হয়েছে, পৌরসভার ৭নং ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স দাতা শরিষপুর গ্রামের মৃত মাহমদ আলীর (অসুস্থ সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য) আলা উদ্দিনের নিকট থেকে দুই বছরের ট্যাক্সবাবদ ২৫ হাজার টাকা নেন। এরপর ওই টাকা থেকে মাত্র ১১ হাজার ২০০ টাকা পৌরসভার সংশ্লিষ্ট খাতে জমা দিয়ে বাকি ১৩ হাজার ৮০০ টাকা আত্মসাৎ করেন কাউন্সিলর জহুর আলী।

এছাড়াও কাউন্সিলর জহুর আলীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরও নানা অভিযোগ আনা হয়।

এদিকে, পৌরসভা থেকে কোন নোটিস পাননি জানিয়ে কাউন্সিলর জহুর আলী বলেছেন, তাকে হেয় প্রতিপন্ন করতেই মেয়র মুহিবুর রহমান ফেসবুকে লাইভ করছেন এবং নানা অভিযোগ এনেছেন। এ সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কে বা কাহারা কার নিকট ট্যাক্সেও টাকা দিয়েছেন সে বিষয়ও তার জানা নেই।

আপনার মন্তব্য

আলোচিত