কমলগঞ্জ প্রতিনিধি

২৭ অক্টোবর, ২০২৩ ১৬:১৩

ধাওয়া খেয়ে পুলিশকে লক্ষ্য করে বিএনপির ইট-পাটকেল, আহত ৪

মৌলভীবাজারের কমলগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ ওঠেছে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার আদমপুর ইউনিয়নে এক ছাত্রদল নেতার বাসায় বৈঠক করছিলেন বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশ তাদের ধাওয়া দেয়। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে বিএনপি নেতাকর্মীরা।

এ ঘটনার পরপরই এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ।

এতে আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এএসআই পরিমল চন্দ্র শীল, কনস্টেবল মো. আজহারুল ইসলাম রাব্বি, আমিনুল ইসলাম। আহতদের মধ্যে দুজন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জানা যায়, ২৮ অক্টোবর ঢাকার কর্মসূচি বাস্তবায়নে বৃহস্পতিবার রাতে উপজেলার নইনারপারে ছাত্রদল নেতা ফয়সাল আহমদের বাসায় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বৈঠক করছিলেন। এ ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে এসে ধাওয়া করলে বৈঠককারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর উপস্থিত বিএনপির নেতাকর্মীরা রাস্তার পাশের ভবনের ছাদের ওপর থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়লে ৪ পুলিশ সদস্য আহত হয়।

এ অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা অন্যান্য দিনের মতো সবাই বসে মিটিং করছিলাম। এটা কোনো গোপন বৈঠক না। হঠাৎ পুলিশের বাঁশির আওয়াজ শুনে সরে যায়। তাদের উপর আমরা কেউ ইটপাটকেল নিক্ষেপ করিনি।

তিনি আরও বলেন, আমার এলাকার ছাত্রদল নেতা অনিকের বাসায় হামলা চালানো হয়েছে ও যুবদল নেতা কবির হোসেনের দোকানপাট লুটপাট ও ভাঙ্গা হয়েছে।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বলেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও নাশকতা করার পরিকল্পনা করছিলো তারা। এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সাথে সাথেই হামলা করে তারা। এতে আমাদের ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত