১৪ নভেম্বর, ২০২৩ ১১:৩৭
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার পর এই প্রথম নারী চিকিৎসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রোববার (১২ নবেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এরআগে তিনি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও মেডিকেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে এ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাক্তার শারমিন আরা আশা। গত ছয় মাস ধরে তিনি হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর সিলেট টেকনিক্যাল ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হলে রোববার থেকে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আরা আশা বলেন, কর্তৃপক্ষের আদেশে পদোন্নতি পেয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছি। দায়িত্ব পালনে জগন্নাথপুরবাসীর সহযোগিতা চাই।
তিনি বলেন, গত এক যুগ ধরে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত আছি। স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভূমিকা রাখতে চাই।
আপনার মন্তব্য