২৩ নভেম্বর, ২০২৩ ০০:১২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শায়েস্তাগঞ্জের লস্করপুরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯টার দিকে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশন মাস্টার পলাশ রঞ্জন দাস।
তিনি জানান, আখউড়া থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার রশীদপুর সেকশনের লস্করপুর পৌঁছলে দুইটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় ট্রেনে থাকা তেলের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
দুর্ঘটনার কারণে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে মৌলভীবাজারের কুলাউড়ায় চট্টগ্রামগামী উদয়ন ট্রেন আটকা পড়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারের জন্য আখউড়া থেকে উদ্ধারকারী ট্রেন শায়েস্তাগঞ্জ পৌঁচেছে। কিছুক্ষণের মধ্যেই সেটি ঘটনাস্থলে পৌঁছাবে। তবে ভোর ৫/৬টার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা দেখছেন না তিনি।
স্টেশন মাস্টার আরো বলেন, কি কারণে বা কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে এখনও তা নিশ্চিত বলা যাচ্ছে না। তদন্তের পরই ঘটনার রহস্য জানা যাবে।
আপনার মন্তব্য