২৩ নভেম্বর, ২০২৩ ১৯:০৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮জন।
২০০৮ থেকে এখন পর্যন্ত টানা ১৫ বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মাত্র একবার আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে সিলেট-২ আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীকে পরাজিত করে বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী জয় লাভ করেন।
এর পরবর্তী দুই জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগির কারণে ২ বার এ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি নেতা ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে দিয়ে দেয় আওয়ামী লীগ। ২০১৪ সালে মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরী জয় লাভ করলেও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী গণফোরামের মোকাব্বির খান সংসদ সদস্য নির্বাচিত হন। গত ১৫ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ থাকলেও বিগত ১০ বছর ধরে সিলেট-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য না থাকায় এ আসনের দুই উপজেলা ওসমানীনগর ও বিশ্বনাথে কাংখিত উন্নয়ন বঞ্চিত হয় দুই উপজেলা।
একারণে এ আসনের দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মিরা সিলেট-২ এবার আওয়ামী লীগের কাউকে নৌকার মনোনয়ন প্রদানের জন্য দাবি জানিয়ে আসছেন।
এদিকে, মনোনয়ন প্রত্যাশীরাও দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ শুরু করেছেন। দেশে বিদেশে প্রচার প্রচারণা ও লবিং অব্যাহত ভাবে চালিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও লেখক অরূপ রতন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, যুক্তরাজ্য নিউপোর্ট আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ, কেন্দ্রীয় যুবলীগের কার্যনিবাহী সদস্য নুরুল ইসলাম নুর মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনসার আলী ও যুক্তরাজ্যের লন্ডন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গণি।
বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও আমাদের আসনে দলীয় এমপি না থাকায় দীর্ঘ দিন থেকে আমরা উন্নয়ন বঞ্চিত। এবারের জাতীয় সংসদ নির্বাচনে দলের নিবেদিত প্রাণ ২৪ ঘন্টার রাজনীতিবিদ খ্যাত সাবেক এমপি সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে নৌকার মনোনয়ন প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, সিলেট-২ আসনের দলীয় নেতা কর্মি সহ আপামর জনসাধারণের সুখে দুঃখে আপদে বিপদে দীর্ঘ দিন থেকে মাঠে ঘাঠে জনতার কাতারে কাজ করে যাচ্ছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। আসন ভাগাভাগির কারণে গত দুই বার তিনি মনোনয়ন বঞ্চিত ছিলেন তারপরও এলাকার মানুষের সেবা থেকে সরে যাননি। ওসমানীনগরের ৮ ইউনিয়নের নেতাকর্মিদের প্রাণের দাবি এবারের নির্বাচনে শফিকুর রহমান চৌধুরীকে সিলেট-২ নৌকার মনোনয়ন প্রদানে দলীয় সভানেত্রী মধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবি করছি।
ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ বলেন, আমাদের দুই নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী। প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেট সিটি কর্পোরেশনে মনোনয়ন দিয়ে মেয়র বানিয়েছেন। শফিকুর রহমান চৌধুরী দীর্ঘ দিন থেকে সিলেট-২ আসনের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে নৌকার মনোনয়ন প্রদান করা এখন সময়ের দাবি।
ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী বলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বিপদে আপদে করোনায় বন্যায় সব সময় এ আসনের মানুষের পাশে দীর্ঘ দিন থেকে মাঠে আছেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমান চৌধুরীকে নৌকার কান্ডারী হিসেবে এ জনপদের মানুষ দেখতে চায়। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট শফিক চৌধুরীকে মনোনয়ন প্রদানের জন্য আকুল আবেদন করছি।
আপনার মন্তব্য