জৈন্তাপুর প্রতিনিধি

২৪ নভেম্বর, ২০২৩ ২৩:১৫

তামাবিল স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের আমদানি-রপ্তানিকারকদের মতবিনিময়

দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) এর সাবেক সভাপতি, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মাতলুব আহমেদ বলেছেন, দেশের রাজস্ব আয় বৃদ্ধিতে স্থলবন্দরগুলো বিশেষ ভূমিকা পালন করে আসছে। দেশের স্থলবন্দর গুলোতে আমদানি-রপ্তানি ব্যবসা স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের আরও সুযোগ-সুবিধা দিতে তিনি সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থে তামাবিল স্থলবন্দরে আরও অবকাঠামোগত উন্নয়ন কাজ করা প্রয়োজন। পাথর আমদানি কাজে ডাউকি স্থলবন্দরে যেসব সমস্যা রয়েছে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধানের আহবান জানান।

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ আয়োজিত বাংলাদেশ-ভারতের আমদানিকারক ব্যবসায়ীদের সাথে মতবিনিময়, সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামাবিল চুনা পাথর পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক সরোয়ার হোসেন (সেদু)।

স্বাগত বক্তব্যে তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি লিয়াকত আলী ভারতীয় নাগরিকদের চাহিদা অনুযায়ী বাংলাদেশী পণ্য ভারতে রপ্তানি বাড়াতে তিনি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি ভারত থেকে পাথর আমদানি কাজে ডাউকি স্থলবন্দরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, তামাবিল স্থলবন্দরের আরও উন্নয়ন প্রয়োজন।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ, কাস্টমস সুপার ফরমান আলী, ডাউকি স্থলবন্দরের ব্যবস্থাপক শ্রী চাক্কু সিংহ, এফবিসিসিআই'র সাবেক পরিচালক প্রফেসার ফেরদৌসী বেগম, মেঘালয় চেম্বার অব কমার্স'র সেক্রেটারি জেনারেল শ্রী ডলি খংলো, সিলেট চেম্বার অব কমার্স'র সাবেক পরিচালক এহতেশামুল হক, আইবিসিসিআই'র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানি কারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল ও ইসমাইল হোসেন ও শামীম আহমদ।

অনুষ্ঠানে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স'র প্রতিনিধিবৃন্দ, ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি টিম, ইন্ডিয়া ল্যান্ড পোর্ট, কাস্টমস কর্মকর্তা ও তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত