৩০ ডিসেম্বর, ২০২৩ ১৪:৪৬
প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করতে সিলেটে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় তারা সিলেটে এসে পৌঁছান। বর্তমানে তারা সিলেট সার্কিট হাউজে অবস্থান করছেন।
সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সিলেট জেলার ছয়টি আসনের মোট ৩৫ জন প্রার্থী নিয়ে মতবিনিময় করেন নির্বাচন কমিশন। বেলা ১২টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সভা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
সিলেট জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ১৩ হাজার ৯৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯১ হাজার ৫৭২ জন, নারী ভোটার ১৩ লাখ ২২ হাজার ৪১৪ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।
আপনার মন্তব্য