নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৪:৩১

অসিত ভট্টাচার্য আর নেই

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য আর নেই।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

অসিত ভট্টাচার্য ১৯৫১ সালে ১১ নভেম্বর জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স ৬৫ বছর।

তাঁর মৃত্যু সংবাদ সিলেট সহ তার গুণগ্রাহী মহলে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বেশ কিছু দিন পূর্বে তিনি হার্ট এটাক করলে সিলেটে চিকিৎসারত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

অসিত ভট্টাচার্য সচেতন নাগরিক কমিটি সনাক, শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ, সিলেট বিবেক, মহালয়া উদযাপন পরিষদ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জিন্দাবাজার আখড়া পরিচালনা কমিটি শ্রুতি সিলেট সহ বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি সিলেট জেলা সম্পাদকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তাঁর মরদেহ ঢাকা থেকে সড়ক পথে রাত সাড়ে ৮টার মধ্যে সিলেটে এসে পৌঁছানোর কথা। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করে রাত সাড়ে ১০টায় সিলেট চালিবন্দর মহা শ্মশানে সর্বস্তরের জনগণ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। রাত সাড়ে ১১টায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান।

অসিত ভট্টাচার্যের মূল বাড়ী মৌলভীবাজার জেলায়। বর্তমানে তিনি দীর্ঘদিন যাবত নয়াসড়ক এলাকায় বসবাস করে আসছেন।

ব্যক্তিগত জীবনে তিনি একজন ব্যবসায়ী। একজন ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক অনুরাগী ব্যক্তি হিসাবেও তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত