হবিগঞ্জ সংবাদদাতা

১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৩৪

বাহুবলে ৪ শিশু হত্যা: সন্দেহভাজন দুজন আটক

হবিগঞ্জের বাহুবলে ৪ শিশুর অপহরণের পর হত্যাকাণ্ডের ঘটনায় আব্দুল আলী ও জুয়েল নামে দুজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, প্রাথমিক তথ্যের ভিত্তিতে এই দুই আসামীকে আজ (বুধবার) সন্ধ্যায় আটক করে বাহুবল থানা পুলিশ। পুলিশ জানায় ঘটনার পর থেকেই আব্দুল আলী পলাতক ছিল।

গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়েছিলো ৪ শিশু। বুধবার (১৭ ফেব্রুয়ারি)  সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার একটি বিল থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এই ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

নিহত চার শিশু হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

আপনার মন্তব্য

আলোচিত