০৬ মার্চ, ২০১৬ ২০:৪২
সিলেট সার্কিট হাউসে প্রধান বিচারপতির জন্য সংরক্ষিত কক্ষে অগ্নিকান্ডের ঘটনায় দায়ের করা সা্ধা্রণ ডায়রি তদন্তে ম্যাজিস্ট্রেটের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে ওউ পুলিশ কর্মকর্তা অগ্নিকান্ডের ঘটনাটি তদন্তের নির্দেশ দেন বলে জানা গেছে। জালিয়াতির ঘটনাটি জানাজানি হওয়ার পর কতোয়ালি থানার নন জিআরও (নন জেনারেল রেজিস্ট্রেশনাল অফিসার) এসআই মনোজকে রোববার কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।
সংশ্লিস্ট সূত্রে জানা যায়, গত বুধবার সকালে সিলেট সার্কিট হাউসের ভিআইপি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিনই কোতোয়ালি থানায় সাধারণ ডায়রি করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ।
নিয়ম অনুযায়ী সাধারণ ডায়রি পরদিন ৩নং সিলেট মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। থানার মামলা সংক্রান্ত কাগজপত্র নন জিআরও'র মাধ্যমে আদালতে উত্থাপন করা হয়ে থাকে। তবে কতোয়ালি থানার নন জিআরও মনোজ সার্কিট হাউসে অগ্নিসংযোগের সাধারণ ডায়রিটি আদালতে উত্থাপন না করে নিজেই সংশ্লিস্ট ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকীর সিল ও স্বাক্ষর জাল করে কতোয়ালি থানা পুলিশকে তদন্তের নির্দেশ প্রদান করেন।
এরপর থানার ওসি (তদন্ত) মোশরাফ হোসেনকে তদন্তের দায়িত্বও দেওয়া হয়।
তবে নন জিআরও'র জালিয়াতির বিষয়টি জানাজানি হলে শুরু হয় তোলপাড়। এ ঘটনা ধামাচাপা দেওয়ারও চেষ্টা চলে।
এ ব্যাপারে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দীকী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নন জিআরও আমার অজান্তেই একটি জিডি তদন্তের জন্য থানায় পাঠিয়ে দিয়েছে। এ ব্যাপারে তাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।
তবে অভিযুক্ত নন জিআরও মনোজ এই জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন।
আর সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ ও কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ এ ব্যাপারে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, গত বুধবার সার্কিট হাউসের প্রধান বিচারপতি, অর্থমন্ত্রী, আইনমন্ত্রীর জন্য প্রস্তুত রাখা কক্ষে রহস্যময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করে সিলেট মহানগর দায়রা জজকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জেনারেল রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামের পক্ষে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক এ সংক্রান্ত পত্র পাঠান।
আপনার মন্তব্য