মৌলভীবাজার প্রতিনিধি

১৪ অক্টোবর, ২০১৭ ১৮:৫১

মৌলভীবাজারে বিএনপির অঙ্গসংগঠনের পৃথক মিছিল ও সমাবেশ

কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচীর অংশ হিসাবে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রদল, যুবদল ও শ্রমিক দল পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় সমাবেশ থেকে ৫ ছাত্রদল কর্মীকে পুলিশ আটক করেছে বলে জেলা ছাত্রদল সূত্রে জানা যায়।

জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, তাদের কর্মী মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র শিপু আহমদ (১৯), সামাদ আহমদ (১৮), টিপু আহমদ  (২২), ফয়সল আহমদ (২৫) কে আটক করেছে পুলিশ। তবে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত আটকদের বিষয় স্বীকার করেনি থানা পুলিশ।

শনিবার (১৪ অক্টোবর) বিভিন্ন সময়ে মিছিলগুলো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনায় গিয়ে শেষ হয়। ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহবায়ক মো. রুবেল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক সেলিম মো. সালাহ উদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন মিয়া, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহিন আহমদ, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক টিটু আহমেদ ও প্রমুখ।

অপরদিকে পুলিশি বাধা অতিক্রম করে জেলা ছাত্রদল নেতা আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে জনি আহমেদের পরিচালনায় মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র নেতা পিপুল আব্দুল হাই, ছাত্রনেতা ইসহাক চৌধুরী, ওসমান গণী পল্লব, আব্দুস সালাম জহির, জাকির হুসেন প্রমুখ।

অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে ও মোবারক হোসেনের পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি হেলু মিয়া, যুবদল নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।

এছাড়া জেলা শ্রমিক দল নেতা সেলিম আহমদের নেতৃত্বে আরেকটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এম এ মুহিতের নেতৃত্বে যুবদল নেতা নজরুল ইসলাম হাবিবুল বাসার হাবীবের পরিচালনায় আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত