ওসমানীনগর প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০১৭ ১৬:৪৮

ওসমানীনগরে কন্যা শিশু দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশের উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের ওসমানীনগরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত রোববার সকাল ১১টায় গোয়ালাবাজার উদয়ন কিন্ডার গার্টেন স্কুলে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও রসরাজ ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপ-সহকারী প্রকৌশলী আলমগীর রেজা, উদয়ন কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ স্বপন সেন, ব্যবস্থাপনা পরিচালক শিজু চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা কন্যা শিশুদের পরিবারের বোঝা না ভেবে তাদের প্রতি ছেলে শিশুর মতো সমান প্রাধান্য দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার আহবান জানান।

বক্তারা আরও বলেন কন্যা শিশুদের প্রতি এখন আর বৈষম্য করার সুযোগ নেই। এখনকার কন্যা শিশুরা দেশের আগামী দিনের কর্ণধার। বর্তমানে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, সংসদের স্পিকার সহ সরকারের বিভিন্ন উচ্চ পদে নারীরা রয়েছেন। তাঁরা কন্যা শিশু থেকে বড় হয়ে নিজেদের যোগ্যতায় বিভিন্ন পদে আসীন হয়েছেন। বর্তমান কন্যা শিশুদেরকে অবহেলা না করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুললে তারাও আগামী দিনে দেশের হাল ধরতে পারবে।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকির হোসেন ও পবিত্র গীতা পাঠ করেন রসরাজ ভট্টাচার্য।

আপনার মন্তব্য

আলোচিত