২১ অক্টোবর, ২০১৭ ০০:১০
আজ (শনিবার) সিলেটে শুরু হবে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান। এ উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাতেই তিনি সিলেট এসে পৌঁছেছেন।
আজ সকাল ১০টায় নগরীর রেজিস্ট্রি মাঠে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করবেন ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
কর্মসূচি সফল করতে গত কয়েকদিন ধরে জেলা ও মহানগর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সিলেটজুড়েই এনিয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক আসায় নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে চাঙ্গা ভাব।
শুক্রবার রাত দশটার দিকে ওবায়দুল কাদের সিলেট পৌছে শাহজালাল এবং পরে শাহ পরান দরগাহ মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তিনি সার্কিট হাউসের দলের নেতাদের সাথে মতবিনিময় করেন।
রাত সাড়ে ১১টার দিকে সার্কিট হাউজে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। এছাড়াও যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী ওবায়দুল কাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য