২১ অক্টোবর, ২০১৭ ২৩:৪২
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রবাসীরা শিক্ষা-সমাজ, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে অবদান রাখছে। বর্তমান সরকার উদার দৃষ্টিভঙ্গি লালন করে বিধায় প্রবাসীদের কল্যাণে আইন প্রণয়ন হয়ে থাকে। সরকারের যথেষ্ট সহযোগিতা এবং প্রবাসীদের আন্তরিকতার মাধ্যমে দেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলা সম্ভব। প্রবাসীদের নানা সমস্যা সমাধানের জন্য সেল তৈরী করার পরিকল্পনা বাস্তবায়িত হবে। বর্তমান বাংলাদেশ সরকারের চিত্র প্রমাণ করে বাঙ্গালিরা কারো কাছে হাত পাতবার মত জাতি নয়। নিজেদের উন্নয়নে কাউকে পরোয়া করি না।
তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য বিনিয়োগের দ্বার উন্মুক্ত করেছে। যে কোন বিনিয়োগে অনাবাসী বাংলাদেশিরা এনআরবিরা অগ্রাধিকার পাবে। বছরের একটি দিনকে ‘এনআরবি ডে’ ঘোষণার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন বলেও জানান তিনি।
শনিবার রাতে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শুরু হওয়া সপ্তাহব্যাপী এনআরবি গ্লোবাল কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহযোগিতায় সিলেটে এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে তিনি আরো বলেন, ‘সরকার এনআরবিদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোন আইন করবে না। সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সরকার সজাগ রয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের একটি প্রকল্প একনেকে পাস হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘দেশের এখন সু-সময় চলছে। দেশ ক্রমশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। এখন আর কারো কাছে হাত পাতবে না। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তিনি প্রবাসীদের প্রতি আহ্বান জানান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘প্রবাসীদের প্রতি আমাদের দায়িত্ব অনেক। দেশে তারা নানা ভাবে প্রতারিত ও হয়রানীর শিকার হচ্ছেন। এজন্য ২০১৫সালে পুলিশের উদ্যোগে এক্সপাটরিয়েট ওয়েলফেয়ার হেল্প ডেস্ক চালু করা হয়েছে। কোন প্রবাসী হয়রানীর শিকার হলে সাথে সাথে সংশ্লিষ্ট পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার অথবা ডিআইজির সাথে যোগাযোগের পরামর্শ দেন। প্রয়োজনে তার সাথে যোগাযোগের কথাও উল্লেখ করেন তিনি।’
তিনি বলেন, ‘৯ বছরে দেশের যথেষ্ট উন্নতি হয়েছে। ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য মাহমুদ উস্ সামাদ চৌধুরী কয়েস, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেন, বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান ও বৃটিশ-বাংলাদেশ চেম্বার সভাপতি এনাম আলী এমবিই।
বক্তব্য রাখেন- সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, বৃটিশ চেম্বারের ডাইরেক্টর জেনারেল সাইদুর রহমান রেনু, সিলেট চেম্বারের পরিচালক নুরুল ইসলাম।
আয়োজকরা জানান, সম্মেলনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইটালী, সুইডেন, জার্মানী, হল্যান্ড, রাশিয়া, স্পেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৫টি দেশের প্রবাসীরা অংশ নিচ্ছেন।
এতে অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- বিনিয়োগ সংক্রান্ত সেমিনার, আইসিটি, পর্যটন ও শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা, বাংলাদেশের অর্থনীতিতে এনআরবি’দের অবদান শীর্ষক মতবিনিময় সভা, এনআরবি’দের সাফল্যগাঁথা নতুন প্রজন্মের কাছে প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার মন্তব্য