৩০ অক্টোবর, ২০১৭ ২০:০৯
সিলেট নগরীর সোনারপাড়া প্রাথমিক স্কুলের সামনে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নির্মাণ শ্রমিক নূর মোহাম্মদ (১৮) খুন হয়েছে। রোববার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে স্থানীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন।
নুর মোহাম্মদ ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তার মা রহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ খুনের সাথে জড়িত অভিযোগে এমদাদ আহমদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি আক্তার হোসেন।
ওসি আক্তার আরো বলেন, নুর মোহাম্মদ খুনের ঘটনায় তার মা রহিমা বেগম বাদী হয়ে নজরুল ও এমদাদকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ সোমবার অভিযান চালিয়ে এমদাদকে গ্রেফতার করেছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। অপর আসামি নজরুলকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। নজরুল ও এমদাদ সোনারপাড়া এলাকার বাসিন্দা। এরা দু’জন পেশায় কাঠমিস্ত্রি ও রংমিস্ত্রি।
নুর মোহাম্মদের লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি।
আপনার মন্তব্য