কুলাউড়া প্রতিনিধি

০১ নভেম্বর, ২০১৭ ১৮:০৬

কুলাউড়ায় আসাদ হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

মৌলভীবাজার কুলাউড়ায় আলোচিত সিএনজি চালিত অটোরিকশা চালক আসাদ হত্যা মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার দুই মাস পর তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা এয়ারপোর্ট থানা এলাকা হইতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সেটসহ বড়লেখা উপজেলার সোনাপুর এলাকার নাজিম উদ্দিন খোকন এর ছেলে জাকির হোসাইন (২৮) কে গ্রেপ্তার করা হয়।

তাঁর স্বীকারোক্তি মোতাবেক জেলে থাকা কুলাউড়া পৌর শহরের উত্তর বাজার এলাকার গোয়াব মিয়ার ছেলে আবুল হোসেন ওরফে হাবিব হোসেন (৩২) কে আদালতের মাধ্যমে গ্রেপ্তার আবেদনের মাধ্যমে ওই মামলায় গ্রেপ্তারপূর্বক ৩০ অক্টোবর পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনে রিমান্ডে আনা হয়।

জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য মতে মঙ্গলবার (৩১ অক্টোবর) ঘটনার সাথে জড়িত অপর সহযোগী হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের বাগবাড়ী (শিবির) এলাকার মৃত আব্দুল জাহিরের ছেলে আলী হোসেন (৩০) কে গ্রেপ্তার করা হয়।

আলী হোসেনের দেওয়া তথ্য মতে, একই দিন ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগর উপজেলার পূর্বভাগ এলাকার হাজী রুকু মিয়ার ছেলে ইউসুফ মিয়া (২৫) কে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের উম্মর আলীর পুত্র অটোরিকশা চালক আসাদ আলী পেশার টানে নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়িতে না ফেরায় তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ৪ দিন পর ৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের লালপুর কাটাবিল এলাকা থেকে তার গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত