০১ নভেম্বর, ২০১৭ ১৮:৩৩
মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলার জোর প্রস্তুতি চলছে মৌলভীবাজারের কমলগঞ্জে। আয়োজনকে সফল করতে ঐতিহ্যবাহী রাখাল নৃত্য ও রাস নৃত্যের মহড়া চলছে মণিপুরী গ্রামগুলোতে।
মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই উৎসব অনুষ্ঠিত হবে শনিবার (৪ নভেম্বর) কমলগঞ্জের আদমপুর সনাতনজীর মণ্ডপ ও শিববাজারের জোড়া মণ্ডপে। এজন্য চলছে সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি।
উৎসবের মূল অনুষ্ঠান রাখাল ও রাসনৃত্যের জন্য বিভিন্ন মণিপুরী গ্রামে চলছে নৃত্যের প্রশিক্ষণ। উৎসবে কৃষ্ণ, রাখাল, রাধা, গোপী ও বৃন্দার ভূমিকায় অংশ নেবে কয়েকশ’ মণিপুরি তরুণী ও শিশু। এজন্য দশটি দলে পনেরো দিন ধরে চলছে নাচের মহড়া।
৪ নভেম্বর সকালে প্রার্থনা ও ধর্মীয় আচারের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। দিনে চলবে গোষ্ঠলীলা বা শ্রীকৃষ্ণের বাল্যলীলা অনুসরণে রাখাল নাচ। চলবে গোধূলি পর্যন্ত। রাতে বিভিন্ন স্তরে রাধাকৃষ্ণের রাসলীলা পরিবেশিত হবে মণিপুরী নৃত্যের ধ্রুপদী ভঙ্গিমায়। আর সেই আঙ্গিকে চলছে প্রস্তুতি।
এই উৎসবে অংশ নিতে যাওয়া শিশু ও তরুণীরা বেশ উৎফুল্ল। বিশেষ করে যারা প্রথমবারের মতো অংশ নিচ্ছে তাদের উৎসাহটা খানিকটা বেশি।
নৃত্য প্রশিক্ষকরা জানান, এটি শুধু ধর্মীয় উৎসব নয় এটি একটি সাংস্কৃতিক উৎসবও বটে। এজন্য রাসনৃত্যে অংশ নিতে স্থানীয়রা ছাড়াও সিলেটের বিভিন্ন এলাকা থেকে মণিপুরী শিশু ও তরুণীরা আসছে। এবার মণিপুরী ভাষার গানের পাশাপাশি থাকবে বাংলা পদাবলীও। প্রায় দু’সপ্তাহ থেকে তারা প্রশিক্ষণ দিচ্ছেন সব দলেই আছে আছে উৎসাহ ও ভালো করার আশাবাদ।
মণিপুরী রাস উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, মহারাস উৎসবে শুধু মণিপুরী সম্প্রদায় নয় প্রতি বছর বর্ণিল এই উৎসবে হাজির হন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী। এটি শুধু নিজস্ব আচার নয় সাংস্কৃতিক মেলবন্ধন আর অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে উঠেছে। এবার মাধবপুর জোড়া মণ্ডপের রাস উৎসব হবে তিন দিনব্যাপী। ১৭৫তম বর্ষ উপলক্ষে তারা অনুষ্ঠানের কিছু ভিন্নতা এনেছেন। সাজসজ্জা ও অনুষ্ঠান সব ক্ষেত্রেই থাকবে ভিন্নতা। ২ নভেম্বর মৌলভীবাজার শহরে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর মাধবপুরে রয়েছে হোলি উৎসব আর ৪ নভেম্বর মূল অনুষ্ঠান।
মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনোয়ারুল হক জানান, উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থাকবে ভ্রাম্যমাণ আদালত যাতে কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
আপনার মন্তব্য