জগন্নাথপুর প্রতিনিধি

০২ নভেম্বর, ২০১৭ ২২:৪১

জগন্নাথপুরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ: আহত অন্তত ১৫

ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু‘পক্ষের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়নের ঘিপুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে এলাকায় চোরাগোপ্তা হামলার ভয়ে এলাকার অন্যান্য বাসিন্দারা নিরাপদে আশ্রয় নিচ্ছেন বলে জানা যায়।

স্থানীয়সূত্রে  সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘিপুড়া গ্রামের আরজ আলীর সাথে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আজিজুল মিয়ার ভূমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার মাগরিব নামাজের পর কলকলিয়া বাজারে আরজ আলীর সাথে সাবেক ইউপি সদস্য আজিজুল মিয়ার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব পরিকল্পিতভাবে আজিজুল মিয়ার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বাজারে অবস্থান করছিল।  এ সুযোগে আজিজুল মিয়ার লোকজন আরজ আলীকে মারপিট শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু-পক্ষের দফায় দফায় সংঘর্ষে ঘীপুড়া গ্রামের আরশ আলী (৭০), আরজ আলী (৬৫), আমিন উল্লাহ (৫৫), আবুল কালাম (৬০), সুলেমান মিয়া (৩৫), এলেমান মিয়া (২৯), এনামুল হক (২৫)সহ কমপক্ষে ১৫জন আহত হয়। এদের মধ্যে আরশ আলী (৭০) কে আশংকাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে এস আই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ কলকলিয়া বাজারে পাঠানো হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার বিষয়ে ঘীপুড়া গ্রামের মিজানুর রহমান মাষ্টার জানান, কলকলিয়া বাজারে হঠাৎ করে পূর্ব পরিকল্পিতভাবে সাবেক ইউপি সদস্য আজিজুল মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আরজ আলীর উপর হামলা চালায়। তাকে হামলা কারীদের কবল থেকে রক্ষা করতে এলে অন্যান্যদের উপরও হামলা চালায়।

আপনার মন্তব্য

আলোচিত