নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর, ২০১৭ ২১:১০

বিপিএল বর্জনের ঘোষণা সিলেটের আওয়ামী লীগ নেতাদের!

টিকিট নিয়ে অনিয়মের অভিযোগে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেল হত্যা দিবসের আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এ ঘোষণা দেন। এসময় অন্য নেতাকর্মীরা এ ঘোষণাকে সমর্থন জানান।

শনিবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বিপিএল-এর ৫ম আসর। এবারই প্রথমবারের মতো সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের। তার উপর এবার রয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্স। ফলে টিকিট নিয়ে সিলেটে চলছে হাহাকার। অনেকেই পাননি বিপিএলের টিকিট।

শুক্রবার জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জেলা হত্যা দিবসের অনুষ্ঠানে টিকিট না পাওয়ার বিষয়টি উত্থাপন করেন কর্মীরা।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, আমাদের অনেক নেতাকর্মী টিকিট পাননি। টিকিট নিয়ে অনেক অনিয়মের অভিযো্গ আসছে। ফলে শনিবার প্রথম দিন আমরা কেউ মাঠে যাবো না। আমি বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের আহবান জানাচ্ছি।

তার এই আহ্বানের সাথে সাথে উপস্থিত নেতাকর্মীরা তাকে উচ্চস্বরে সমর্থন জানান।

এই আলোচনায় সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

এ ব্যাপারে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, শফিকুর রহমান চৌধুরী তাঁর বক্তব্যকালীন সময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত নেতাকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে বলেন আমাদের দল ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী বিপিএল’র টিকেট পাননি। তাই আমি বিপিএল’র উদ্বোধনী আয়োজন দেখতে না যাওয়ার অনুরোধ জানাচ্ছি। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে সমর্থন দেন। আমরাও সমর্থন দিয়েছি।

তিনি বলেন, টিকেট বিক্রিতে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সিলেটের ক্রীড়াপ্রেমীরা টিকেট পাননি। যথাযথ নিয়মে টিকেট বিক্রি হলে হয়তো কোন অপ্রীতিকর ঘটনা ঘটতো না। জানিনা কি কারণে এমনটি ঘটলো। আমি ক্রিকেট সংশ্লিষ্ট মানুষ নই। যারা এর সাথে জড়িত তারাই ভালো বলতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত