জগন্নাথপুর প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০১৭ ২১:৩৯

জগন্নাথপুরে মসজিদের ফটক ভাঙা নিয়ে গুলিবর্ষন, আহত ৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন ধরে দু'পক্ষের মধ্যে বিরোধ ও মামলা মোকাদ্দমা চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে একদল অস্ত্রধারী মসজিদের ফটক ভাঙতে গিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষন করে অন্তত ৫ জনকে আহত করেছে।

আহতদের মধ্যে গুরুতর আহত আনাছ মিয়া (১৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পূর্ব বুধরাইল গ্রামের হারুন মিয়া ও একই গ্রামের তারিফ উল্লার পক্ষের লোকজনের মধ্যে স্থানীয় পূর্ব বুধরাইল পুরাতন জামে মসজিদের ফটক নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মামলা-মোকাদ্দমা চলে আসছে। তারই জের ধরে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তারিফ উল্লার ছেলে আকুল মিয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী মসজিদের ফটক ভাঙতে শুরু করে।

ঘটনা টের পেয়ে প্রতিপক্ষের লোকজন তাদেরকে প্রতিহত করতে গেলে একই এলাকার অসিয়ত উল্লার ছেলে তাহিদের নেতৃত্বে সন্ত্রাসীরা ৬/৭ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে অন্তত ৫ জন আহত হন। এ সময় স্থানীয় জনতা ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। আটককৃতরা ফটক ভাঙার কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

আটককৃতরা হলেন, চট্রগ্রামের সাতকানিয়া থানার ঘাটিয়া ডাংগা গ্রামের মৃত গোলাম নবীর ছেলে আহাম্মদ মিয়া (৫০), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার জোরহাইল গ্রামের মৃত ছোবার উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (২৭), একই থানার বটতলা গ্রামের হাদিস মিয়ার ছেলে রানা আহমদ (২২) ও শিবপাশা গ্রামের হারাধন মিয়ার ছেলে কাজল মিয়া (২৩)।

হারুন মিয়ার পক্ষের লোকেরা জানান, তারিফ উল্লার ছেলে আকুলের নেতৃত্বে ২০/২৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মসজিদের ফটক ভাঙা শুরু করে। আমরা তাঁদের বাধা প্রদান করলে সন্ত্রাসীরা ৬/৭ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। তারা মসজিদের ফটকের দু’টি পিলার আংশিক ক্ষতিগ্রস্থ করেছে।

অভিযুক্ত আকুল মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত