গোয়াইনঘাট প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০১৮ ১৩:২৮

জাফলংয়ে মাটি চাপা পড়ে মৃত্যুর ঘটনায় মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলনের সময় গর্তে মাটি চাপা পড়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় জমির মালিকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া এ ঘটনায় জেলা প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

মামলার সত্যতা স্বীকার করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, বুধবার (৩ জানুয়ারি) সকালে নিহত জহুর আলীর মেয়ে জাকিরুন বেগম বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলেন, আব্দুছ সাত্তার, আব্দুল আলিম, আব্দুল হামিদ, আব্দুল খালেক, আলি, শাহাবউদ্দিন, আহাদ মিয়া, মহরম আলী, আহম্মদ আলী, মুহিন মিয়া, সুবাহান মিয়া, সেলিম মিয়া, ইসহাক মিয়া, ইউসুব আলী ও আইয়ুব আলী। মামলার ৬নং আসামি শাহাবউদ্দিনকে গত রাতেই পুলিশ আটক করে।

মঙ্গলবার বিকেলে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি ধ্বসে মারা যায় চার শ্রমিক। পরে আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো এক শ্রমিক। এই ঘটনায় নিহতদের তিনজনই একই পরিবারের।

ঘটনায় নিহতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচংয়ের ইব্রাহিম আলীর ছেলে জহুর আলী (৬৫), তাঁর ছেলে মুজাহিদ (২১) ও মেয়ে সাকিরুন (২৬), জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের মফিজ উল্লাহর পুত্র নুর মিয়া (৫০) ও  সাদেক মিয়া (৪০)।

মামলায় আটকের ব্যাপারে ওসি দেলওয়ার বলেন, এ ঘটনায় মঙ্গলবার রাতেই শাহাবউদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। আর গর্তের মালিক আব্দুস সাত্তার অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে রয়েছেন। তাকে এ মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

তদন্ত কমিটি সম্পর্কে জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন - অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ ও আরডিসি আরিফুর রহমান।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর একই গর্তে মাটি চাপা পড়ে চম্পা দাশ নামের এক কিশোরী শ্রমিক নিহত হয়।

গত বছর সিলেটের বিভিন্ন কোয়ারিতে অবৈধ ও অপরিকল্পিতভাবে পাথর উত্তোলনে মারা যান অন্তত ৩০ শ্রমিক।

আপনার মন্তব্য

আলোচিত