০৮ জানুয়ারি, ২০১৮ ২০:১৯
মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা মেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাহারী সব নকশা আর মজাদার সব পিঠায় জমে ওঠে এই পিঠা মেলা। রহিমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও সূচনা প্রকল্পের সহযোগিতায় প্রথম বারের মতো আয়োজিত এই পিঠা উৎসবে শীত কুয়াশা উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সোমবার (৮ জানুয়ারি) দিনব্যাপী রহিম পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল জানান, হারিয়ে যাওয়া পিঠাপুলিকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে এবং স্থানীয় সরকারের সাথে স্থানীয় জনগণের সাংস্কৃতিক মেলবন্ধনের উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী মেলায় স্থানীয় চৈ পিঠা, মোয়া, সন্দেশের পাশাপাশি চিতই পিঠা, পুলি পিঠা, বকফুল, নিমপাতা, গোলাপ ফুল, ভাপা পিঠাসহ বাহারী সব নকশার মজার মজার পিঠা নিয়ে বারোটি স্টল বসে।
মেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক। আয়োজকরা জানান, এই উৎসবকে আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আপনার মন্তব্য