জগন্নাথপুর প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০১৮ ২০:০৯

জগন্নাথপুরে ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশার হিড়িক, বেড়েছে দুর্ভোগ

সুনামগঞ্জের জগন্নাথপুরের অলিগলিতে শত শত ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার হিড়িক পড়েছে। এ সবের কারণে যানজট, দুর্ভোগ আর দুর্ঘটনা মানুষের নিত্যসঙ্গী হয়ে গেছে। এসব যানবাহন অপসারণে প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলার মাসিক সভায় কমিটির নেতৃবৃন্দ এসব অবৈধ যানবাহন নিষিদ্ধ করার আহবান জানিয়েছেন।

নাম না প্রকাশে শর্তে জগন্নাথপুরের এক বিদ্যুৎ কর্মকর্তা জানান, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশাগুলো অবৈধভাবে রাতের আধারে চুরি করে ব্যবহার করে অনেকেই। আমরা একাধিকবার অভিযান চালিয়েছি। এসব যানবাহন চার্জে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়।

আইনশৃঙ্খলা কমিটির সদস্য শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, জগন্নাথপুরের সর্বত্র জুড়ে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা বৃদ্ধি পেয়েছে। নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে এসব যানবাহন। যে কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। ওই সব যানগুলি দ্রুত অপসারণ করার দাবি জানাচ্ছি।

জগন্নাথপুরের পরিবহন মালিক সমিতির সভাপতি নিজামুল করিম জানান, জগন্নাথপুরে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা রয়েছে। এসব যানবাহনের অধিকাংশ চালকই অপ্রাপ্ত। এসব নিষিদ্ধ যানবাহন দ্রুত জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষণা করা হউক।

অভিযোগ রয়েছে, জগন্নাথপুর পৌর কর্তৃপক্ষ বেআইনিভাবে দুই থেকে তিন হাজার টাকায় এসব যানবাহনের লাইসেন্স দিচ্ছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন বলেন, আমরা নিয়ম অনুযায়ী ফ্রি নিচ্ছি।

জগন্নাথপুরের ইউএনও (চ.) এসিল্যান্ড হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, এসব যানবাহনের বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা পদক্ষেপ নেব।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় বছরখানেক ধরে জগন্নাথপুর পৌর শহরের প্রতিটি সড়কে ইজিবাইক ও ব্যাটারিচালিত দৌরাত্ম মারাত্মকভাবে বেড়ে গেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

আপনার মন্তব্য

আলোচিত