০৯ জানুয়ারি, ২০১৮ ২২:২৩
হবিগঞ্জের মাধবপুরে মুক্তিপণ না পেয়ে স্কুল ছাত্রকে নির্মমভাবে হত্যা করে পানির নিচে লাশ গুম করে রাখে অপহরণকারী চক্র। মঙ্গলবার সন্ধ্যায় শিবজয়নগর গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে এই হতভাগা স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্কুল ছাত্র শিবজয়নগর গ্রামের ব্যবসায়ী সাবাশ আলীর ছেলে এবং বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র শাহপরান (৭)।
পুলিশ জানায়, গত ৬ জানুয়ারি রাত ৭টার পর থেকে স্কুল ছাত্র শাহপরান হঠাৎ নিখোঁজ হয়ে পড়ে। একমাত্র ছেলের সন্ধানে বাবা সাবাশ আলী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরদিন ৭ জানুয়ারি সন্ধ্যায় মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৩৫৮।
এরই মধ্যে শাহপরানের বাবার নিকট মোবাইল ফোনে শাহপরানের মুক্তির জন্য ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। মোবাইল ফোনের সূত্র ধরে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদের নেতৃত্বে মৌলভীবাজার বড়লেখা থেকে শিবজয়নগর গ্রামের তাউস মিয়ার ছেলে অপহরণকারী চক্রের সদস্য জালাল (২৫) কে মঙ্গলবার আটক করা হয়।
পরে তাকে মাধবপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হলে তাকে নিয়ে শিবজয়নগর একটি ডোবা থেকে আজ সন্ধ্যায় শাহপরানের লাশ উদ্ধার করে পুলিশ। শিশু শাহপরানের লাশ উদ্ধারের খবর পেয়ে আশপাশের কয়েকটি গ্রামে কয়েক হাজার মানুষ ভিড় জমায়।
সুরতহাল প্রস্তুতকারী ও জিডির তদন্তে থাকা মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে শিশু শাহপরানকে গলা টিপে হত্যা করে লাশ ডোবায় পানির নিচে ডুবিয়ে রাখে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আটক জালালকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িতদের সবার নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য