নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০১৮ ০১:৪৮

আজ সিলেট ফিরছেন ড. জাফর ইকবাল

সিলেটে হামলার শিকার হয়ে ১০ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল আজ বুধবার নিজ ক্যাম্পাসে ফিরছেন।

জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক জানান, বুধবার বেলা ১টার দিকে নভোএয়ারের একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।

পরিবারের বরাত দিয়ে শাবিপ্রবির রেজিস্ট্রার ইশাফকুল হোসেন জানান, ড. মুহম্মদ জাফর ইকবাল এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসা ছাড়পত্র পাওয়ার পর আজ দুপুরে তিনি সিলেট পৌঁছাবেন।
 
তিনি জানান, আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন জাফর ইকবাল। গত ৩ মার্চ এই মুক্তমঞ্চেই হামলার শিকার হন জাফর ইকবাল।

হামলার পর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে রাজধানীর সিএমএইচে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
 
১৯৯৪ সালের ৪ ডিসেম্বর মুহম্মদ জাফর ইকবাল শাবিপ্রবিতে সিএসই বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। তারপর থেকে তিনি এ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।
 
এদিকে, জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের বড় ভাই এনামুল ও তার বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম এবং মামা ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত