০৩ এপ্রিল, ২০১৮ ০২:০০
সিলেটের মোমিনছড়া চা বাগানের শ্রমিকদের ৬দফা দাবিতে আন্দোলনের ২৩ দিনের মাথায় ৬দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিতে বাগান পুনরায় চালু হয়েছে।
সোমবার (২ এপ্রিল) সকাল ৮ থেকে ১০ পর্যন্ত বাগানের বাংলোতে স্থানীয় উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ৩নং ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, মালিক প্রতিনিধি সাকেরা চা বাগানের ব্যবস্থাপক জাফর চৌধুরী ও আন্দোলনকারী শ্রমিক নেতাদের বৈঠকে শ্রমিকদের ৬দফা বাস্তবায়নের প্রতিশ্রুতিতে বাগান খুলে দেওয়া হয়।
বাগান পুনরায় চালুর খবরে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দেন। বৈঠকে শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মামিনছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কার্তিক নায়েক, মোমিনছাড়া চা বাগানের শ্রমিক নেতা হৃদয় ছত্রী, লিটন মৃধাসহ বাগানের মুরব্বীরা। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে আপোষহীন আন্দোলনের ধারাবাহিকতায় ২৩ দিনের মাথায় এই বিজয় হলো আন্দোলনরত চা শ্রমিকদের।
এদিকে মামিনছড়া চা বাগানের শ্রমিকদের ৬দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিতে বাগান খুলে দেওয়াতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট মইনুর রহমান মগনু, আবু জাফর, মোজাহিদ আহমদ, প্রণব জ্যোতি পাল এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সত্য নাইডু ও সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ এক যুক্ত বিবৃতিতে আন্দোলনকারী শ্রমিকদের অভিনন্দন জানান এবং বৈঠকে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও মুরব্বীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সিলেটের মোমিনছড়া চা বাগানে গত ১২ মার্চ একজন নারী শ্রমিক চিকিৎসা নেওয়ার জন্য বাগানের চিকিৎসাকেন্দ্রে গেলে তাকে চিকিৎসা না দিয়ে মারধোর করা হয়। চিকিৎসার এই অবহেলা নিয়ে পরে দুই দফা মালিক পক্ষের সাথে কথা বললেও এর কোন সমাধান না করে ঠিকাদার দলা মিয়া তার বাহিনী দিয়ে শ্রমিকদের উপর হামলা করে। আর বাগানের ব্যবস্থাপক কোন ঘোষণা ছাড়াই বাগান বন্ধ করে দেন।
১৩ মার্চ থেকে বাগান বন্ধ থাকায় বাগানের ১ হাজার ২শত জন শ্রমিক কর্মহীন ও মজুরি ছাড়া অসহায় অবস্থায় পরে। তখন শ্রমিকরা শ্রমিক নির্যাতনকারী ঠিকাদার দলা মিয়ার অপসারণসহ ৬ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে বাগান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নামে। আন্দোলনের এক পর্যায়ে মোমিনছড়া চা বাগানে কোম্পানির নিয়োগকৃত চা শ্রমিক নির্যাতনকারী ঠিকাদার দলা মিয়াকে অপসারণ ও বিচার করাসহ ৬ দফা দাবিতে বুধবার (২০ মার্চ) সিলেট কোর্ট পয়েন্টে সমাবেশ করে মোমিনছড়া চা বাগানের শত শত চা শ্রমিক। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরে গত ২৪ মার্চ মৌলভীবাজারে সংহতি সমাবেশ ও ২৭ মার্চ বাগানে কালো পতাকা মিছিলের কর্মসূচী পালন করেন শ্রমিকরা। সর্বশেষ ৩০ মার্চ সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আপনার মন্তব্য