০৯ এপ্রিল, ২০১৮ ১৬:০১
সিলেট থেকে অপহৃত কিশোরী সামিয়াকে মৌলভীবাজারের বড়লেখা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব।
রোববার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী মো. আব্দুল জব্বারকে তারা গ্রেপ্তার করা হয়।
অপহরণকারীর মো. আব্দুল জব্বার (২৬) মৌলভীবাজারের বড়লেখা থানার বোবারতলা গ্রামের আব্দুস সালামের পুত্র।
র্যাব জানায়, ৬ এপ্রিল কিশোরী সামিয়াকে (১৩) সিলেটের বিমানবন্দর থানা থেকে অপহরণ করে জব্বার। পরে মোবাইল ফোনে তার চাচাতো ভাই রিপনের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করলে সামিয়ার বাবা বিমানবন্দর থানায় একটি জিডি করেন। এ ব্যাপারে র্যাবের কাছেও একটি অভিযোগ করা হয়। অপহরণের অভিযোগ পেয়ে রোববার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জব্বারের বাড়িতে অভিযান চালায় র্যাব ৯ এর সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত কিশোরী ও গ্রেপ্তারকৃত আসামিকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য