১৩ এপ্রিল, ২০১৮ ১২:৩২
সিলেটের দক্ষিণ সুরমার ললি বেগম হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালিক (৩৮)কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (১২ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে নগরীর সুবিদবাজার থেকে ললি বেগম হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালিককে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত আব্দুল মালিককে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল মালিক সিলেটের শাহপরান থানার লামাপাড়া এলাকার (মোহিনী ৯০) মৃত ওহাব আলীর পুত্র।
গত ১৬ মার্চ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে ললি বেগম (৪৫) সহ আরো দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ললি বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গত ১৮ মার্চ ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ললি বেগম।
আপনার মন্তব্য