সিলেটটুডে ডেস্ক

০৯ জুন, ২০১৮ ১৭:২৮

লালমাটিয়ার বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং এলাকা স্থানান্তরের দাবি

সিলেট পরিবেশ রক্ষা আন্দোলনের মতবিনিময় সভা

দক্ষিণ সুরমার লালমাটিয়া থেকে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও ডাম্পিং এলাকা স্থানান্তরের দাবিতে এবং বিষয়গুলো আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তি, বাজেটে বর্জ্য ব্যবস্থাপনার বরাদ্দের দাবিতে মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জুন) দুপুরে সিলেট জেলা পরিষদ কনফারেন্স রুমে সিলেট পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় নাগরিক সমাজ ও রাজনৈতিক ফেলোদেরকে নিয়ে এ সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা পরিষদ কনফারেন্স রুমে কমিটির আহ্বায়ক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে ও কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক এম আহমদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য হুমকিস্বরুপ সিলেট সিটি করপোরেশনের সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ডাম্পিং এলাকাটি স্থানান্তর এখন জনদাবিতে পরিণত হয়েছে। এ ব্যাপারে নিয়মতান্ত্রিক কার্যক্রম জনসচেতনতা, সভা সমাবেশে, মানববন্ধন, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কার্যক্রম শেষে পরবর্তী কর্মসূচি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। এতে কাজ না হলে পবিত্র ঈদুল ফিতরের পর জনস্বার্থে আন্দোলনের মাধ্যমে ডাম্পিং এলাকা স্থানান্তরে কর্তৃপক্ষকে বাধ্য করা হবে।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবিন রুবা, মতিউর রহমান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিলেট রিজিওনাল ম্যানেজার সুদীপ্ত চৌধুরী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবক ও পরিবেশ গবেষক আব্দুল হাই আজাদ বাবলা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, এডভোকেট মো. খালেদ জুবায়ের স্বেচ্ছাসেবক দল দক্ষিণ সুরমা শাখার আহবায়ক কামাল হাসান জুয়েল, কমিটির সদস্য আফজল উদ্দিন, উজ্জ্বল রঞ্জন চন্দ, এসোসিয়েশন ফর ইয়ুথ এডভান্সমেন্ট আয়ার নির্বাহী পরিচালক অনিতা দাশ গুপ্তা, বরইকান্দি ইয়ং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি দিলোয়ার হোসেন রানা প্রমুখ। সভায় সংগঠনের নাম নামে নামকরণ করা হয়।

সভায় বক্তারা বলেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ক্লিনিকাল বর্জ্য, সিলেট সিটি করপোরেশনের যত্রতত্র ফেলা বর্জ্যসহ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিকগুলির বিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। লালমাটিয়ায় দায়িত্বহীনভাবে নির্মিত সিলেট সিটি করপোরেশনের ডাম্পিং এলাকাটি বর্তমানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। পরিবেশ ছাড়পত্রবিহীন এই ডাম্পিং এলাকার চতুর্দিকে পাকা দেয়াল নির্মাণের কথা থাকলে ও এখনো হয়নি। ফলে হাওরে ময়লা ছড়িয়ে পড়ছে। এতে হাওর নদ-নদী খাল বিলের পানি দূষিত হচ্ছে। মৎস্য, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। সেই সাথে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ও ময়লা পুড়ানো হচ্ছে না। এতে এই এলাকার জনজীবনে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে এবং সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ ও ট্রেনযাত্রীরা এ কারণে দুর্ভোগ পোহাচ্ছেন। ক্যান্সারসহ জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। পার্শ্ববর্তী জমির মালিকরা ভূমি খেকোদের কাছে স্বল্প মূল্যে যাতে জমি বিক্রি করে এটা একটি দূরদর্শী কূটকৌশল। এই ডাম্পিং স্টেশনের সুষ্ঠু ব্যবস্থাপনার পাশাপাশি এটি স্থানান্তরের দাবিতে সচেতন নাগরিক সমাজ আজ সোচ্চার । এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, জনমত গঠনের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিষয়টি আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ইশতেহারে অন্তর্ভুক্তি ও সিটি করপোরেশনের বাজেটে বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দের দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় ও জাতীয় নির্বাচনেও এ সংক্রান্ত প্রস্তাবনা তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত