১৭ জুন, ২০১৮ ১৭:২৯
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে মনু নদের বাঁধ ভেঙে রাস্তা প্লাবিত হওয়ায় মৌলভীবাজারের সঙ্গে সিলেট ও জেলার চার উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেই সাথে রক্ষা পেল না শহরের চারটি খাদ্য গুদামেও।
শনিবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে শহরতলীর উপজেলা বারইকোনা এলাকায় (উপজেলা কার্যালয়ের পেছন এলাকা) নতুন করে মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি আশপাশে ছড়িয়ে পড়েছে। আর এতেই চারটি গুদামে পানি প্রবেশ করে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চাল ও গম নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে জেলা খাদ্য কর্মকর্তারা। জেলা শহরের চারটি সরকারি খাদ্য গুদামে বন্যার পানি প্রবেশ করায় প্রায় আড়াই কোটি টাকার চাল ও গম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে জেলা খাদ্য বিভাগ।
জেলা খাদ্য কর্মকর্তা মনোজ কান্তি দাশ চৌধুরী জানান, চারটি গুদামে এক হাজার ৫৬৮ টন চাল ও ৪২৪ টন গম মজুদ আছে। মজুদকৃত এই চাল ও গমের মূল্য প্রায় ৯ কোটি টাকা। গুদামে যে উচ্চতায় পানি ঢুকেছে তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৫৫০ টন ক্ষতিগ্রস্ত হবে, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা।
এর আগে মৌলভীবাজার জেলা খাদ্য গুদামের ইনচার্জ মো. সাখাওয়াত হোসেন জানান, রাতে হঠাৎ বন্যা দেখা দেয়ায় সরকারি খাদ্য গুদামের ভেতর প্রায় দুই হাজার মেট্রিকটন চাল ছিল, তা উদ্ধার করা যায়নি। কিছু চাউল উদ্ধার করা হয়েছে। পানিবন্দি হয়ে পড়ায় এই চাল নিয়ে শঙ্কায় রয়েছে প্রশাসন।
আপনার মন্তব্য