নিজস্ব প্রতিবেদক

০৪ জুলাই, ২০১৮ ১৫:৫১

শফিক-আসাদের নেতৃত্বে কামরানের নির্বাচন পরিচালনা কমিটি

সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদকে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার সিলেট মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলটির যুগ্ন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ কমিটির ঘোষণা দেন।

কমিটিতে কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা আবু নসর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সভাপতি লুৎফুর রহমানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্যদের এই কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।

বুধবার সকালে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে এই বিশষ বর্ধিত সভা শুরু হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুবুল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সঞ্চালনায় রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ আসাদ।

বেলা সাড়ে ৩ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিলো।

আপনার মন্তব্য

আলোচিত