নিউজ ডেস্ক

১২ জুলাই, ২০১৮ ১৭:০৮

অভিজ্ঞতার সবটুকু নগরবাসীর কল্যাণে উজাড় করতে চাই: সেলিম

সিলেট সিটি নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম বলেছেন- দীর্ঘ ৩৯ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার সবটুকু নগরবাসীর কল্যাণে উজাড় করে দিতেই আমি মেয়র প্রার্থী হয়েছি।

সিলেটের সাধারণ নাগরিকদের কাছ থেকে যে পরিমাণ ভালবাসা ও উদ্দীপনা পেয়ে যাচ্ছি তা আমার বিজয়ের পথকে শানিত করবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দুর্নীতি মুক্ত তিলোত্তমা সিলেট নগরী উপহার দিতে ৩০ জুলাই বাস মার্কায় ভোট চাই।

বৃহস্পতিবার (১২ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

গণসংযোগ কর্মসূচী শুরুর আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শোয়েব আহমদ। ২৭টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়ে কোর্ট পয়েন্ট থেকে গণসংযোগ কর্মসূচী শুরু হয়ে নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা-আম্বরখানা হয়ে শাহী ঈদগাহস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।

এদিকে মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের প্রধান নির্বাচনী কার্যালয়ে নাগরিক কমিটির এক সভায় শাহী ঈদগাহ শাহ মীর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শোয়েব আহমদকে সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাহী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় সংক্ষিপ্ত সময়ের মধ্যে নগরীর ২৭টি ওয়ার্ডের পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে বিকেল থেকে রাত পর্যন্ত মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের ধারাবাহিক গণসংযোগ কর্মসূচী পালনের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য

আলোচিত