২৯ জুলাই, ২০১৮ ১৯:৫৬
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সকল শঙ্কা ভুল দাবি করে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আগামীকালের ভোটের মধ্য দিয়েই তা ভুল প্রমাণিত হবে।
রোববার (২৯ জুলাই) দুপুরে মির্জাজাঙ্গাসস্থ তাঁর নির্বাচনী কার্যালয়ে এ কথা বলেন তিনি।
কামরান বলেন, বিএনপির মেয়র প্রার্থীর যত অভিযোগ তা ভুল প্রমাণ করবেন সিলেটের জনগণ। আগামীকাল উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, নেতা-কর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার আতঙ্ক, প্রিসাইডিং কর্মকর্তার পরিবর্তন ও আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ করেছেন।
বিএনপির প্রার্থী পরাজয় আঁচ করতে পেরে এ ধরণের অভিযোগ করছেন বলেও জানান কামরান।
তিনি বলেন, আমার দলের নেতা-কর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার-প্রচারণা করেছেন। তাঁর এ অভিযোগের কোন ভিত্তি নেই। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সিলেটের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৭টি ওয়ার্ডের মোট ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিলেট সিটি করপোরেশনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ১ লাখ ৭১ হাজার ৪শত ৪৪ জন পুরুষ এবং ১ লাখ ৫০ হাজার ২শত ৮৮ জন নারী ভোটার।
আপনার মন্তব্য