সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০২৬ ২২:২৪

নিজ এলাকায় হামলার শিকার বিএনপি-দলীয় এমপি আয়নুল, গাড়ি ভাঙচুর

বিএনপির অভিযোগ জামায়াত-এনসিপির দিকে, জামায়াতের অস্বীকার

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার আংশিক) আসনে বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকালে সিরাজগঞ্জের ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এমপি আয়নুল হক আহত না হলেও তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার সময় এমপিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে তিনি দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। তবে গাড়ি নিয়ে চলে যাওয়ার সময়ও তার গাড়িতে ইট নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন এমপি।

ঘটনার পর এ নিয়ে ভিডিওবার্তা দিয়ে সংসদ সদস্য আয়নুল হক বলেন, ‘আমার ওপর হামলা করা হয়েছে। আমি একজন সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই। আমাদের জানমালের নিরাপত্তা নেই। এনসিপি ও শিবিরের লোকজন আমার ওপর হামলা করেছে। আমি দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে ধানগড়া এলাকায় এমপি আয়নুল হক অবস্থানকালে তাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময়ও তার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এতে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য আয়নুল হক। হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা মিছিল করছেন।

ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়সল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভে ভিপি আয়নুল হক বলেন, ‘দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। এ সময় কিছু দুষ্কৃতকারী হত্যার উদ্দেশ্যে তাদের ওপর হামলা চালিয়েছে।’

এ সময় এমপির সহযোগী ফয়সল বিশ্বাসও ফেসবুক লাইভে কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের ইন্ধনে ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা এমপির গাড়িবহরে হামলা চালিয়েছে।’

রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির আলী মোর্তজা গণমাধ্যমকে বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তারা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ ধরনের নোংরা রাজনীতির সঙ্গে জড়িত নই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর আছে। তবে এ ঘটনায় এখনও কোনও পক্ষ মামলা বা লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত