সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১৪

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে নাখোশ আহমাদুল্লাহ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি নিয়ে প্রশ্ন তুলেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তার প্রশ্ন, কাদের খুশি করার জন্য গানের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হলো।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এটা বহুকাল ধরে গণমানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি। অথচ প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।’

স্কুলে গান শেখানোর ব্যাপারে তিনি লেখেন, ‘এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? কত পার্সেন্ট মানুষ স্কুলে গানের শিক্ষক চায়? বরং অধিকাংশ অভিভাবক চায়, বিদ্যালয়ে যেন তাদের সন্তানকে গান শেখানো না হয়।’

তিনি লেখেন, ‘এ দেশের প্রায় সকল অভিভাবক সন্তানের জন্য প্রাইভেট ধর্মীয় শিক্ষক রাখেন কিংবা সন্তানকে মক্তবে পাঠান। সরকার যদি স্কুলে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, তাহলে অভিভাবকদের এই বাড়তি খরচ ও ঝামেলা পোহাতে হতো না। শিক্ষার্থীদেরও সময় বেঁচে যেত।’

আপনার মন্তব্য

আলোচিত