১৩ ডিসেম্বর, ২০২৫ ১৭:৫২
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওসমান হাদির ওপর হামলাটি ছিল সুপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি প্রশ্ন তুলে বলেন, এ ঘটনায় শনাক্ত ব্যক্তি যখন ছাত্রলীগের নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে চা খান, তখন এর বিচার কে করবে?
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিল ও পূর্ববর্তী প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ঘটনার এক–দুই ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ‘গ্যাংস্টার’সহ বিভিন্ন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়। তদন্ত শেষ হওয়ার আগেই এমন পোস্ট দেওয়ার উদ্দেশ্য কী- সে প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, বিএনপি নেতা রিভজীর এই মন্তব্যের প্রতিবাদ করেছেন ডাকসুর ভিপি ও ছাত্রশিবির নেতা মো. আবু সাদিক ওরফে সাদিক কায়েম। তিনি রুহুল কবীর রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘আওয়ামী প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেটেড ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরিফ ওসমান হাদির হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন, তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছ থেকে কোনোভাবে প্রত্যাশিত, দায়িত্বশীল আচরণ নয়।’
প্রচারিত এ-ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সৃষ্ট দাবি করেছে ফ্যাক্টচেকার দ্য ডিসেন্ট। শনিবার সাড়ে চারটার দিকে দ্য ডিসেন্ট-এর দেওয়া পোস্টে বলা হয়:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠাতা ওসমান হাদীর ওপর হামলার বিষয়ে বলতে গিয়ে দুটি দাবি করেছেন যা, ফেসবুকে ছড়ানো দুটি ভুয়া খবরের সাথে মিলে যায়।
রিজভী দাবি করেছেন, ”ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি জামাত শিবিরের সাথে জড়িত।”
তিনি আরও বলেছেন, “ডাকসু ভিপি সাদিক কায়েমের সাথে গুলিবর্ষণকারী ব্যক্তি চা খাচ্ছে।”
প্রথমত, গতকাল রাত থেকে ফেসবুকে আরটিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড ভাইরাল হয় যেখানে শিরোনাম ছিল, “ওসমান হাদির উপরে গুলিবর্ষণকারী জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত : ডিএমপি কমিশনার”।
প্রকৃতপক্ষে আরটিভি এমন শিরোনামে কোন খবর প্রকাশ করেনি।
দ্বিতীয়ত, ফেসবুকে আরেকটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, ডাকসু ভিপি সাদিক কায়েম হাদীর ওপর গুলিবর্ষণকারী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সাথে কফি/চা খাচ্ছেন একটি রেস্টুরেন্টে বসে।
প্রকৃতপক্ষে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে সৃষ্ট।
আপনার মন্তব্য