১৮ ডিসেম্বর, ২০২৫ ২০:০৫
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’কে ‘অনাকাঙ্ক্ষিত কর্মসূচি’ উল্লেখ করে তার নাম ব্যবহারকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে লুৎফুজ্জামান বাবর বলেন: “গত ১৭ই ডিসেম্বর, ২০২৫ (বুধবার) তারিখে - কিছু তরুণ দেশপ্রেমের আবেগে ও ভূ-রাজনীতি ও কূটনৈতিক শিষ্টাচার সম্পর্কে সীমিত ধারণা থেকে আমার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচিতে জড়িয়েছেন—এটি দুঃখজনক।
দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে।
বর্তমান সংবেদনশীল জাতীয় পরিস্থিতিতে সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছি, যাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোনো ঝুঁকিতে না পড়ে।”
গতকাল জুলাই ঐক্য নামের সংগঠনের কর্মসূচিতে “বাবরের পথ ধর, সেভেন সিস্টার্স আলাদা কর” স্লোগান দেওয়া হয়। কর্মসূচি থেকে ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসী। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে হাদিকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। এ ঘটনায় আসামি ভারতে পালিয়ে গেছেন এমন ধারণা ও ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব খুনিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া এবং ‘ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়া লীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রে’র প্রতিবাদে বুধবার ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। সেখানে আন্দোলনকারীরা লুৎফুজ্জামান বাবরের নামে ভারতবিরোধী নানা স্লোগান দেন।
আপনার মন্তব্য