সিলেটটুডে ডেস্ক

০৭ জুন, ২০২৬ ০০:৩০

আসিফ আকবর গ্রেপ্তার নন

ছবি: আসিফ আকবরের ফেসবুক থেকে

সংগীতশিল্পী আসিফ আকবর গ্রেপ্তার হয়েছেন এমন একটা সংবাদ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে গ্রেপ্তারের খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন আসিফ।

কপিরাইট ও ডিজিটাল কনটেন্ট সংক্রান্ত মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসিফ আকবরকে শুক্রবার রাতে এফডিসি থেকে আটক করে বলে একটি খবর শনিবার ছড়িয়ে পড়ে। সে খবরে বলা হয়, গীতিকার শফিক তুহিনের মামলায় গ্রেপ্তার করা হয় আসিফকে।

এর প্রেক্ষিতে আসিফ গণমাধ্যমকে জানান, খবরটি স্রেফ গুজব।

আসিফকে গ্রেপ্তারের খবরের বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান জানান, খবরটি সত্য নয়।

একই বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ক্যশৈনু জানান, এ ধরনের কোনো খবর তাদের কাছে নেই।

এদিকে, নিজের গ্রেপ্তারের গুজব প্রসঙ্গে আসিফ আকবর সামাজিক মাধ্যম ফেসবুকে কিছু না লিখে আওয়ামী লীগ সরকারের আমলে তার গ্রেপ্তারের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন: ফ‍্যাসিস্ট আমলে গ্রেপ্তার হওয়ার আট বছর পূর্ণ হয়ে গেল। আমি ছিলাম কেরানীগঞ্জ জেলে, ম‍্যাডাম খালেদা জিয়া ছিলেন বকশীবাজার সাব জেলে। ভাবতেই ভাল লাগে ম‍্যাডাম ডাক্তারদের মাধ্যমে আমার খবর নিতেন, ভয় পেতে নিষেধ করতেন।

আপনার মন্তব্য

আলোচিত