সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০২৬ ২০:৫১

চিড়িয়াখানার ‘ডোনাল্ড ট্রাম্প’কে গরু আখ্যা দিয়ে রাশেদকে তার পাশে রাখতে চান হানজালা

প্রতীকী ছবি

সালিশ বৈঠকে এক বিএনপি কর্মীর সাথে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার দুর্ব্যবহার ও চড়াও হওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হওয়া উত্তাপ এখন ফেসবুক যুদ্ধের রূপ নিয়েছে। গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. রাশেদ খাঁনের তীব্র সমালোচনার জবাবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা তোপ দেগেছেন এমপি হানজালা।

রাশেদ খাঁনকে চিড়িয়াখানার ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে রেখে আসার দাবি জানিয়েছেন তিনি।

রোববার (২১ জুন ২০২৬) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমপি হানজালা লেখেন, “রাশেদ খাঁন আমাকে চিড়িয়াখানায় দেখতে নিতে চায়। আমি তো যাবই, তবে থাকবো বাঘের সাথে— বাঘ অন্তত নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত না!”

রাশেদ খাঁনকে পাল্টা খোঁচা দিয়ে তিনি আরও যোগ করেন, “রাশেদ খাঁনকে রেখে আসবো ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর (মহিষ) পাশে। দেখি দুজন মিলে কতক্ষণ গল্প করতে পারে! চিড়িয়াখানার কর্তৃপক্ষকে শুধু একটা অনুরোধ— গরুটা (মহিষ) যেন পরে নাম পরিবর্তনের আবেদন না করে।”

সম্প্রতি একটি সালিশ বৈঠকের প্রায় এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, সংসদ সদস্য হানজালা চরম উত্তেজিত হয়ে টেবিল চাপড়ে এক বিএনপি কর্মীকে উদ্দেশ্য করে বলছেন, “ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য।”

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর গতকাল শনিবার (২০ জুন) গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমপি হানজালার তীব্র সমালোচনা করে একটি পোস্ট দেন। রাশেদ খাঁন লেখেন, “এমপি হানজালারে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে চিড়িয়াখানার কাউন্টার থেকে সবাই এই অদ্ভুত প্রাণিটাকে টিকিট কেটে দেখতে পারে! আজকে একজন বিএনপি নেতার সঙ্গে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে, এসব ম্যানারলেস লোকজন কীভাবে এমপি হলো?”

সংসদ সদস্য হানজালার অতীত মন্তব্য টেনে রাশেদ খাঁন তার পোস্টে আরও লিখেছিলেন, “এর আগে বিএনপিকে নিয়ে মন্তব্য করেছিল ‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এই দেশে থাকতে পারবে না’। আওয়ামী আমলে এদের এসব গর্জন তো দেখিনি। এরা তখন কোথায় ছিল? আজকাল এসব লোকদের এতো বেশি ঔদ্ধত্য যে, সরকারি দলের লোকজনকে এরা আওয়ামী জামানার বিরোধীদলের মত ট্রিট করে।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “হানজালাদের আচরণ দেখে মনে হচ্ছে ওরাই ক্ষমতায় আর বিএনপি বিরোধীদলে। বিএনপির দুর্ভাগ্য যে, এদের হজম করা লাগছে। রাজনৈতিক শূন্যতা ও সংকট না থাকলে আমি নিশ্চিত ঐ বিএনপি নেতা এমপি নামক অদ্ভুত প্রাণিটাকে কানের নিচে দুই পাঁচটা লাগিয়ে দিতো।”

রাশেদ খাঁনের এই ‘চিড়িয়াখানা’ মন্তব্যের পরদিনই আজ রোববার দুপুরে পাল্টা পোস্ট দিয়ে ট্রাম্প নামের গরুর (মহিষ) প্রসঙ্গ টেনে জবাব দিলেন মাদারীপুরের এই সংসদ সদস্য।

আপনার মন্তব্য

আলোচিত