সিলেটটুডে ডেস্ক

০৩ জুলাই, ২০২৩ ১৪:২৮

শপথ নিলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন

নবনির্বাচিত রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন শপথ নিয়েছেন। সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে এক অনুষ্ঠানে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে শপথ করান।

পরে রাজশাহী সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৪০ কাউন্সিলরদের একই স্থানে শপথ নেন। তাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম। এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য মঞ্চে উপস্থিত ছিলেন।

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোটে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুর্শিদ আলম পান ১৩ হাজার ৪৮৩ ভোট।

এর আগে সকাল ১০টায় গণভবনের শাপলা হলে গাজীপুর, বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন প্রধানমন্ত্রী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক এবং বরিশালের আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) শপথবাক্য পাঠ করান।

এ সময় তিন সিটির সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।

গত ২৫ মে গাজীপুর এবং ১২ জুন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৫ জুন গাজীপুর এবং ২০ জুন বরিশাল ও খুলনা সিটির নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত