সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০২৩ ১২:০১

এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮০.৩৯

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে।

এর আগে বাটন চেপে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে তিনি এসএসসির ফলাফল কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে নয়টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর সকাল সাড়ে ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

গত ৩০ এপ্রিল শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এ বছর পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে ৩ হাজার ৮১০টি কেন্দ্র ছিল। মোট শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ২৯ হাজার ৭৯৮টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডে কেন্দ্র ৭১৬টি এবং শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৯ হাজার ৮৫টি। কারিগরি শিক্ষা বোর্ডে কেন্দ্র ৮৫০টি ও শিক্ষা প্রতিষ্ঠান ছিল ২ হাজার ৯২৭টি।

এবার শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি। অন্যদিকে কেন্দ্র বেড়েছে ২০টি।

পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত